সাব্বির হোসাইন : গাজীপুরের টঙ্গীস্থ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
আজ সকাল ৯টায় প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ভবন প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। দুটি অধিবেশনে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম অংশে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিশেষ উপহারসামগ্রী দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় টি-শার্ট, প্যাড ও চাবির রিং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. আবদুর রব, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হেফজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, "আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর চক্রান্ত করা হচ্ছে, যেন এ ব্যবস্থার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন আদর্শ মানুষ তৈরি হতে না পারে। আমাদের এই ষড়যন্ত্র রুখে দিয়ে শিক্ষার মান বজায় রাখতে হবে।"
প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির বলেন, "মাদ্রাসায় যে শিক্ষার পরিবেশ ও মান রয়েছে, তা যদি আরেকটু উন্নত ও আধুনিকায়ন করা যায়, তবে এখান থেকেই বিশ্বজয়ী মেধাবী গড়ে তোলা সম্ভব।"
ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রধান আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মশিউর রহমান। এ ছাড়া ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’র আকর্ষণীয় পরিবেশনা উপস্থিত হাজারো শিক্ষার্থী উপভোগ করেন।
শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে দুপুর ১টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।