তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এ নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার ৫ মার্চ আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দু’জনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।
এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।
অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।