• ঢাকা |

গণভোট উপেক্ষার অভিযোগে বিএনপির সমালোচনা, ঐক্যের আহ্বান এমপি বুলবুলের


নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি অভিযোগ করেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে এবং এ বিষয়ে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেন।
মঙ্গলবার রাজধানীর পল্টন-শাহবাগ-রমনা জোনে আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের রায় পদদলিত করার মাধ্যমে বিএনপি নিজেদেরই গভীর সংকটে ফেলেছে।” সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের ১৮০ দিনের সময়সীমার মধ্যে বিএনপি সঠিক সিদ্ধান্ত না নিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিক্রিয়া গড়ে তোলারও ইঙ্গিত দেন তিনি।
বুলবুল আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অতীতে “বর্গা” দেওয়া হয়েছিল এবং সাম্প্রতিক “জুলাই গণঅভ্যুত্থান”-এর মাধ্যমে তা পুনরুদ্ধার হয়েছে বলে দাবি করেন তিনি। “জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে,”—এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি শেষ পর্যন্ত এই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে বাধ্য হবে।
ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। একইসঙ্গে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ড. আব্দুল মান্নান। কর্মশালায় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুস সমাদ, অ্যাডভোকেট মো. মারুফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই দিন সকালে মতিঝিল-শাহজাহানপুর জোনে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক শিক্ষা শিবিরেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নূরুল ইসলাম বুলবুল। সেখানে তিনি সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
দুই শিক্ষা শিবিরেই সংশ্লিষ্ট জোনের থানা পর্যায়ের আমীর-সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।