• ঢাকা |

শেরপুর ও বগুড়ার উপনির্বাচন বাতিলের দাবি জামায়াতের


নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের সাম্প্রতিক উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়নি এবং এতে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, সাম্প্রতিক উপনির্বাচন প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গিয়ে “ফ্যাসিবাদী রূপ” ধারণ করেছে এবং নির্বাচনে ব্যাপক অনিয়ম করেছে। তার মতে, এসব অনিয়মের কারণে বগুড়া ও শেরপুরের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, অবিলম্বে দুই আসনের নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সংকট অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ফলপ্রসূ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এতে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা উপনির্বাচনে অনিয়ম প্রতিরোধে ব্যর্থতার জন্য প্রশাসনের সমালোচনা করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নির্বাচন বাতিল এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।