বিশেষ প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) বৃহস্পতিবার রাজধানীর পিএসটিসি ভবনের মাল্টিপারপাস হলে “ব্রিজিং ভয়েসেস: শেয়ার্ড ফিউচারস অন ডিজিটাল ভায়োলেন্স” শীর্ষক একটি আন্তঃপ্রজন্ম সংলাপের আয়োজন করে। এতে তরুণ ও অভিজ্ঞ প্রজন্মের মধ্যে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. আশরাফী আহমদ। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আইইএম) তাসলিম উদ্দিন খান, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন ড. তোহিদা তাশনিমা এবং ন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক (নায়ন)-এর সভাপতি প্রিয়তা মণ্ডল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নায়নের সহ-সভাপতি ফাইজা রহমান আনিলা। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সংলাপে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আশরাফী আহমদ বলেন, বর্তমান তরুণ প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বেড়েছে এবং সঠিকভাবে ব্যবহার করা গেলে এসব মাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি অনলাইন সহিংসতা রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনলাইন সহিংসতার শিকার হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে রিপোর্টিং ব্যবস্থার বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তাঁরা।
সংলাপের সমাপনী বক্তব্যে ড. নূর মোহাম্মদ বলেন, ডিজিটাল মাধ্যম যেন হয়রানির হাতিয়ার না হয়ে ক্ষমতায়নের মাধ্যম হয়—সে লক্ষ্যে তরুণদের এগিয়ে আসতে হবে এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।