• ঢাকা |

মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে — শামীম সাঈদী


নিউজ প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির হোসেন, পিরোজপুর: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বৃত্তি অর্জনকারী ১৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এবং সদস্য মাওলানা আঃ রব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শওকত আলী এবং সহকারী সুপার মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে। তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায়ও নিজেদের সমৃদ্ধ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য কামনা করেন।