• ঢাকা |

প্রশাসনের প্রতি প্রতিবাদে চবিতে শিক্ষার্থীদের ভিন্নধর্মী পথ-নাটক পরিবেশন


নিউজ প্রকাশের তারিখ : ৬ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাইয়ের পর বিভিন্ন ঘটনা ও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা বিদ্রুপাত্মক পথনাটকের আয়োজন করেন। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের দায়বদ্ধতার ঘাটতি রয়েছে, যা নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়। এখানে মোট ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।


পথনাটকের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নানা সমস্যার চিত্র তুলে ধরেন। তারা আবাসন সংকট, শাটল ট্রেনের অনিয়মিত সিডিউলজনিত দুর্ভোগ, চাকসু নির্বাচনের দাবি, খাবারের মান, গবেষণা কেন্দ্রের অভাব এবং অনাবাসিক শিক্ষার্থীদের আশপাশের বাসা ও কটেজে অতিরিক্ত ভাড়ার মতো বিষয়গুলো তুলে ধরেন। বিশেষভাবে তারা সকল শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা না করতে পারায় প্রশাসনের ব্যর্থতা ও অনাবাসিকদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানান। নাটকে উঠে আসে ক্যাম্পাসে ঘটে যাওয়া গুপ্ত হামলায় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা এবং এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদ। পাশাপাশি, যৌক্তিক দাবিতে উপাচার্যের কাছে গেলে বাস্তব সমাধানের বদলে ‘আশ্বাস’ ও ‘ম্যাঙ্গোবার’ দেওয়ার ঘটনা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়।

এ বিষয়ে  নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম বাঁধন বলেন, “নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদের প্রতিবাদের ভাষাও নাটক। ক্যাম্পাসের চারপাশে যেসব সমস্যা বিরাজ করছে—চাকসু নির্বাচনের অগ্রগতি নেই, গুপ্ত হামলার বিচার হয়নি, আবাসন সংকট চরমে—সেগুলো আমরা নাটকের মাধ্যমে তুলে ধরেছি। আশ্বাস নয়, আমরা চাই বাস্তবসম্মত পদক্ষেপ।”


নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় আমাদের নানা দাবি নিয়ে আশার বাণী শুনিয়েছিল। কিন্তু সময়ের সাথে আমরা দেখেছি, সেসব আশ্বাস কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে—বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। এই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদেই আমরা আজকের এই নাটক মঞ্চস্থ করেছি। বিশেষ করে আবাসন সংকট, যা আমাদের শিক্ষাজীবনে প্রতিনিয়ত প্রভাব ফেলছে, সেটিকে আমরা নাটকের মূল বিষয় হিসেবে উপস্থাপন করেছি। নাটকের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, শুধু আশ্বাস নয়—সমস্যার কার্যকর সমাধান এখন সময়ের দাবি।”

উল্লেখ্য , পথনাটকটির শিরোনাম ছিল বেশ আকর্ষণীয় , " বহুতদিন অইয়ে, আর মুলা ন ঝুলায়ো " । বুধবার দুপুর ১ টা  ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ পথনাটক পরিবেশন করে শিক্ষার্থীরা ।