• ঢাকা |

হিজলায় সাবেক জামায়াত নেতা সৈয়দ নুরুল হক এর স্মরন সভা


নিউজ প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি: জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার সাবেক ভিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল শহর শাখার সাবেক আমীর ও জাতীয় সংসদ নির্বাচনে তৎকালিন বরিশাল-৩ (হিজলা-মুলাদী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা সৈয়দ নুরুল হক এর স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় সৈয়দ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে হিজলা উপজেলার ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের মেজ ছেলে সৈয়দ একরামুল হক নাসিম।
সভায় প্রধান অতিথি ছিলেন মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহে আলম চৌধুরী সামু, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, খুন্না বন্দর পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ গোলাম রব্বানী (নাগর), শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, শিক্ষক পরিষদ নেতা মাস্টার আঃ মোতালেব প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, মরহুমের সহকর্মী, গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাওলানা সৈয়দ নুরুল হক ছিলেন ইসলামী আন্দোলনের একজন ত্যাগী, দায়িত্বশীল ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলনে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মাওলানা সৈয়দ নুরুল হক ১১ জানুয়ারী-২০১৯ইং তারিখ রোজ শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত্রে) ১:৩০ ঘটিকায় ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেছেন। মরহুম মাওলানা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি চাষী কল্যাণ সমিতির দক্ষিণাঞ্চলীয় সভাপতি, বরিশাল আল ফারুক সোসাইটির আহবায়ক, হিজলা সরকারী সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।