কালীগঞ্জ(গাজীপুর) সংবাদদাতা: বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন আঞ্চলিক সড়ক অবরোধ করেন কয়েকশ শ্রমিক। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক দীর্ঘ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বকেয়া বেতন না পাওয়ায় দোকান বাকি পরিশোধ ও বাসা ভাড়া দিতে না পেরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় কোনাবাড়ী থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় দুপুর নাগাদ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দ্রুততম সময়ে বেতন নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
তবে শ্রমিকদের এই আন্দোলনের বিষয়ে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।