রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের বাসিন্দা। রবিবার দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, সামিউল আলিম জয় তার পরিবার নিয়ে নগরীর সাধুরমোড় এলাকায় একটি বাড়িতে চার বছর ধরে বসবাস করছিলেন। একই ভবনে পাশের ইউনিটে থাকতেন ভুক্তভোগী তরুণী। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ১৫ জুন বাড়িতে কেউ না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে জয় তরুণীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে সম্পর্ক অব্যাহত রাখেন। সর্বশেষ গত ১২ আগস্টও একই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় জয়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে।