ডেস্ক রিপোর্ট
আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এ গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন।
সম্প্রতি সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেন।
অধ্যাপক কামরুন নাহার হারুন দীর্ঘদিন ধরে হামদর্দ বাংলাদেশের বিপণন কৌশলের আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্বে মার্কেটিং বিভাগ নতুন উচ্চতায় পৌঁছেছে, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সংশ্লিষ্টদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতারই বহিঃপ্রকাশ। তারা আশা করছেন, এই অর্জন ভবিষ্যতে হামদর্দ বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘আমরূপালি ফ্রুট সিরাপ’সহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে।
নিজের অর্জন সম্পর্কে অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি গোটা হামদর্দ পরিবারের। হাজার হাজার কর্মীর পরিশ্রম ও নিষ্ঠার ফল এটি। বিশেষ করে আমাদের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বড় অনুপ্রেরণা।”
তিনি এই সম্মাননা হামদর্দ পরিবারের সকল সদস্যের প্রতি উৎসর্গ করেন।