ডেস্ক নিউজ: ২০২৪ সালের বিভিন্ন সূচকের মূল্যায়নের ভিত্তিতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৪ এ প্রথম পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করে আইসিএমএবি।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এবং আইসিএমএবি’র করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আরিফ খান উপস্থিত ছিলেন।