• ঢাকা |

রায়পুরে পুত্রবধূর বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ


নিউজ প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুত্রবধূর বিরুদ্ধে সাত মাস বয়সী সন্তান বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ করেছেন রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের টাইপ মাস্টার বাড়ির খোরশেদ আলমের স্ত্রী সুফিয়া (৪৮)। তার দাবি, মেজো ছেলে শাকিল হোসেন বাবুর স্ত্রী সামিয়া আক্তার গোপনে প্রতিবেশী বিল্লালের স্ত্রী আখির আত্মীয়ের কাছে শিশু কন্যাকে দিয়ে দেন।
পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে শাকিল হোসেন বাবু ও সামিয়া আক্তারের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে, একজনের বয়স তিন বছর এবং অন্যজনের বয়স সাত মাস।
শাশুড়ি সুফিয়ার অভিযোগ, বিয়ের আগ থেকেই সামিয়া পরকীয়ায় জড়িত ছিলেন। বিয়ের পরও তার স্বভাবের পরিবর্তন হয়নি। কিছুদিন আগে তিনি বড় নাতনিকে চুরি করে নিয়ে যান এবং এর আগে ছোট শিশুকেও না জানিয়ে বিক্রি করেন। বিষয়টি আড়াল করতে নানা কৌশলে সামিয়া তাদের কাছ থেকে সাক্ষরও নেন।
তিনি আরও অভিযোগ করেন, সামিয়ার বাবা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। এক মাস আগে সামিয়ার বাবা ও স্বজনরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে খোরশেদ আলম ও তার ছেলে গুরুতর আহত হন এবং পরে তাদের ঢাকায় চিকিৎসা করাতে হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সামিয়া আক্তার বলেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে। বরং শ্বশুর-শাশুড়িই যৌতুকের টাকা না দেওয়ায় কয়েক মাস আগে তার শিশু কন্যাকে বিক্রি করেছেন। এ ঘটনায় খোঁজ নিতে গেলে তার বাবা ও স্বজনরা শ্বশুর বাড়িতে হামলার শিকার হন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
অন্যদিকে স্বামী শাকিল হোসেন বাবু অভিযোগ করেন, তার স্ত্রী তাকে না জানিয়ে সন্তান বিক্রি করেছেন। তিনি মেয়েকে ফেরত চান। একই সঙ্গে বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতেন বলেও দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলা চলমান রয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।