• ঢাকা |

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত


নিউজ প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দিতে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, গত এক বছরে কমিটির মাধ্যমে ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা, ১১২৪ জনকে আইনি পরামর্শ, এডিআর প্রি-কেসে ৬৯৩টি মামলা দায়ের, এডিআর পোস্ট-কেসে ৮৭টি নিষ্পত্তি এবং আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকারও বেশি অর্থ আদায় করে দেওয়া হয়েছে।

আলোচনা সভায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।