কল্লোল আহমেদ: লালমনিরহাটের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশনের (পিএফ) সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, সামাজিক ও মানবিক উন্নয়নে স্থানীয় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতীয় কন্যাশিশু দিবস ও বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত সোমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে প্রফিট ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে কালীগঞ্জের তুষভান্ডারে বাংলাদেশ প্রেসক্লাবের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে সংস্থার সদস্য, উপকারভোগী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, তাঁর জানামতে প্রফিট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররফ জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর আলম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল হক, লালমনিরহাট বিএম কলেজের প্রভাষক ও পিএফ সংস্থার উপদেষ্টা মো. মাহবুবুর রহমান এবং সংস্থার চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগমসহ অন্যান্য অতিথি।
সভায় জেলা প্রশাসক বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দুই শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে জাতীয় যুব কল্যাণ তহবিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে ছাগল পালন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ ছাড়া প্রফিট ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করে সংস্থার কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, অন্যান্য সাংবাদিক, সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, উপকারভোগী, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সংস্থার কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।