• ঢাকা |

ঢাকায় নবীজীর শানে মনোমুগ্ধকর নাত মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ১৫ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা, ১৫ আগস্ট: রবিউল আউয়ালের প্রথম প্রহর উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আরবি, ফারসি ও উর্দু ভাষার মনোমুগ্ধকর নাতসন্ধ্যা। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র, ঢাকায় ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ শিরোনামে এ নাত মুশায়রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইরান, পাকিস্তান ও বাংলাদেশের কবি ও নাত পরিবেশনকারীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে নিবেদিত বিভিন্ন নাত পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে আরবি, ফারসি ও উর্দু ভাষার নাত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় গভীর আবেগ ও আধ্যাত্মিক আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী। স্বাগত বক্তব্য দেন ড. মুহাম্মদ ঈসা শাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী।

নাত পরিবেশন করেন শামীম জামানবী, আল্লামা আবদুল জলিল কাওকাব, অধ্যাপক ড. রশিদ আহমদ, ইসরাফিল আমেরী (ইরান), হাইকেল হাশমী, মেহেদী হাসান, মুহিউদ্দিন হামদম, মোহাম্মদ তাহের (পাকিস্তান), সরওয়ার কামাল রাগেব, সাকিব কিবরিয়া দিলকাশ, মোহাম্মদ ইউনুছ রুময কাছেমী, ইসামুদ্দীন মাহমুদ, তসবীর আবেদীন, আবদুর নূর ও আকরাম হাদীসহ অনেকে।

আয়োজকদের মতে, মহানবী (সা.)-এর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করা, নতুন প্রজন্মকে তাঁর জীবন ও আদর্শের সঙ্গে পরিচিত করা এবং বাংলাদেশে আরবি, ফারসি ও উর্দু নাতে রাসুলের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দেশি-বিদেশি নাত পরিবেশনকারীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ নাতসন্ধ্যা উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক আবেগ ও আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করে।