• ঢাকা |

মোল্লাহাটের ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি


নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব তাঁর বিরুদ্ধে ‘হাবিব বাহিনী’ নামে একটি বাহিনী পরিচালনা, সন্ত্রাস, নির্যাতন, হুমকি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।

আজ ১৭ অক্টোবর বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে দেওয়া এক লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন,   ‘হাবিব বাহিনী’ নামে কোনো বাহিনীর অস্তিত্ব নেই। সামাজিক কর্মকাণ্ড ও জনসেবার সঙ্গে যুক্ত থাকায় তাঁর পরিচিতি রয়েছে। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই না করে তাঁকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

হাবিবুর রহমানের দাবি, বিভিন্ন সংবাদে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকার কথা বলা হয়েছে। তবে মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট থানা ও আদালতের নথি যাচাই করে মামলার প্রকৃত সংখ্যা, নম্বর, ধারাসমূহ এবং বর্তমান অবস্থা প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, মামলা থাকা এবং কোনো অভিযোগে অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। তাই মামলার তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই করা এবং অভিযোগের প্রকৃত অবস্থা পাঠকের সামনে তুলে ধরার আহবান জানান ।

হাবিবুর রহমান দাবি করেন, স্থানীয়ভাবে একটি পক্ষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলার পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আনা হয়েছে।

 তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই না করে তাঁকে অপরাধী হিসেবে চিহ্নিত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।