• ঢাকা |

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে রেলপথ অবরোধ


নিউজ প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রাজশাহী ব্যুরো: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে আয়োজনের দাবি এবং পুলিশের হাতে সাধারণ শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পুনরায় রেলপথ অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার দীর্ঘ সাত ঘণ্টার আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করলেও কোনো সিদ্ধান্ত না আসায় ২৩ নভেম্বর (রবিবার) আবারও রেললাইন অবরোধে অবস্থান নিয়েছে তারা।

রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।

বিক্ষোভস্থলে শিক্ষার্থীদের স্লোগান ছিল—‘এক দুই তিন চার, পিএসসি সৈরাচার, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস?’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই, ‘আমার ভাই অনশনে, পিএসসি কী করে?’, ‘আমার ভাই অনশনে, মাহফুজ কী করে?’, ‘অ্যাকশন অ্যাকশন, ছাত্রসমাজের অ্যাকশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি।

আন্দোলনরত শিক্ষার্থী নোমান বিন নজরুল বলেন, “গতকাল আমরা সাত ঘণ্টা আন্দোলন করেছি। পশ্চিমাঞ্চল রেলের জিএম আমাদের আশ্বস্ত করেছিলেন যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসবে। কিন্তু পিএসসি এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তাই আজ আবারও রেলপথ অবরোধে নেমেছি। প্রয়োজনে সড়কপথও অবরোধ করা হবে।”

এর আগে ২২ নভেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টা থেকে স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।