• ঢাকা |

শ্যামনগরে বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা


নিউজ প্রকাশের তারিখ : ৩১ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আশিকুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী গ্রামে বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে অবশেষে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে—এর মধ্যে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাতনামা।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট কাশিমাড়ী গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র দাউদ আলী সরদারের পরিবারের ওপর সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলায় হাবিবুল্লাহ সরদার, শওকাত হোসেন, মোহাম্মাদ আলী, শফিউল্লাহ, আবুল মোল্লাসহ অন্তত ১৫ জনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন মুখোশধারী ব্যক্তি অংশ নেয়। তারা বসতঘর ভাঙচুর, লুটপাট এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলায় দাউদ আলী সরদারসহ তার পরিবারের সদস্যরা আহত হন।

ঘটনার সময় হামলাকারীরা ঘরের আলমারি, খাট, আসবাবপত্র ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় ১২ লাখ টাকার সম্পদ ধ্বংস এবং চার লাখ ২০ হাজার টাকার লুটপাট হয়েছে।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী ২০২৪)-এর ৪/৫ ধারা অনুযায়ী সাতক্ষীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা (নং ৪৭/২৫) দায়ের করা হয়। আদালতের নির্দেশে শ্যামনগর থানায় মামলাটি রুজু করা হয় (মামলা নং ৩০)।

শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা (আইও) তুহিন বাওয়ালী জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মামলার নামধারী আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এতে ভুক্তভোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।