• ঢাকা |

বৃষ্টি–দুর্যোগ থাকা সত্ত্বেও রাজশাহীতে আমন ধানের বাম্পার ফলন


নিউজ প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

শামীম রহমান,  রাজশাহী ব্যুরো: রাজশাহী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকলেও এবার রোপা আমনে দেখা দিয়েছে বাম্পার ফলন। মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে অনেক স্থানে ধানের চারা পচে গেলেও শেষ পর্যন্ত সোনালী পাকা ধান দোল খাচ্ছে বিস্তীর্ণ মাঠজুড়ে। 
রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এবং ফলন প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। ধান পাকা শুরু হওয়ায় কাটাই ও মাড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা।
কৃষকেরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া ছিল অনুকূলে। সময়মতো বৃষ্টি হওয়ায় সেচ খরচও কম পড়েছে। ফলে গত বছরের তুলনায় উৎপাদন ভালো হওয়ায় তারা বেশ উৎসাহিত। যদিও মৌসুমের শেষদিকে টানা কয়েক দিনের বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে ক্ষতি হয়েছে, তবে কৃষকদের আশা—এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে রাজশাহী জেলায় প্রায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। 
গত অর্থবছরে চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, যেখানে উৎপাদন হয়েছিল ৩ লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন। কর্মকর্তাদের মতে, সার, বীজ, কীটনাশক ও সেচ সুবিধা সময়মতো নিশ্চিত হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তানোর, মোহনপুর, পবা, গোদাগাড়ী, বাগমারা, দুর্গাপুর ও চারঘাট—এই সাত উপজেলার মাঠজুড়ে এখন চলছে ধান কাটার আমেজ। চারদিকে সোনালী ধানে মুখর গ্রামাঞ্চল। কৃষক ও কৃষি কর্মকর্তারা মনে করছেন, অনুকূল আবহাওয়া বজায় থাকলে বাম্পার ফলনের এ ধারা পুরো মৌসুমেই অব্যাহত থাকবে, যা রাজশাহীর খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।