মো: নুরুল আমিন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডা. মো. মিজানুর রহমান বলেছেন, “ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি করা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।”
শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় মাদারীপুরের শিবচরের ৭১ চাইনিজ রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) আয়োজিত “ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. মিজানুর রহমান বলেন,“বাংলাদেশে প্রতিবছর অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এ রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। গণমাধ্যম সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন প্ল্যাটফর্ম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে পারে। এতে ক্যান্সার প্রতিরোধ অনেক সহজ হবে।”
তিনি আরও বলেন,“ধূমপান ও তামাকজাত দ্রব্য ক্যান্সারের সবচেয়ে বড় ঝুঁকি। এ বিষয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও বয়স অনুযায়ী ক্যান্সার স্ক্রিনিং-এর প্রতি জনসচেতনতা গড়ে তুলতেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন দেশ-এর সভাপতি ওয়াহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন শিবচর প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সংগঠনের উপদেষ্টা মো. ফজলুল হক, সাংবাদিক সারোয়ার হোসেন মিঠু, রাশেদুল ইসলাম রাসেলসহ অর্ধশতাধিক সাংবাদিক ও স্বেচ্ছাসেবী।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।