জাকির ফরাজীঃ: বরিশালের ঐতিহ্যবাহী ভিমরুলি ভাসমান পেয়ারা বাজারে নৌকায় ঘুরে স্থানীয় কৃষি ও গ্রামীণ জীবনের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাসমান বাজারের নৌকায় নৌকায় ঘুরে পেয়ারা বিক্রির দৃশ্য দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাজার থেকে পেয়ারা কিনে এর স্বাদও উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।
রোববার (৯ আগস্ট) সকালে ভিমরুলি (ঝালকাঠি) ভাসমান পেয়ারা বাজারে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে নৌকায় চড়ে ভাসমান বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।
এ সময় এক নৌকা থেকে আরেক নৌকায় পেয়ারা বিক্রি, কেনাবেচা ও পরিবহনের ব্যতিক্রমী দৃশ্য প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের উৎপাদন ও বেচাকেনার বিষয়েও খোঁজ নেন তিনি।
ভিমরুলির ভাসমান বাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য উপভোগের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত তাজা পেয়ারা খান ব্রেন্ট ক্রিস্টেনসেন। নৌকায় বসে পেয়ারা খাওয়ার এ দৃশ্য উপস্থিত স্থানীয়দের মধ্যেও উৎসাহ তৈরি করে।
বরিশাল অঞ্চলের ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার বর্ষা মৌসুমে দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ বাজার হিসেবে পরিচিত। খাল-বিলের পানির ওপর নৌকায় করে পেয়ারা কেনাবেচার এ ঐতিহ্য দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন।
মার্কিন রাষ্ট্রদূতের ভিমরুলি সফর স্থানীয় এই ঐতিহ্যবাহী বাজারের প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।