জাকির হোসেন, পিরোজপুরঃ পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে ‘Highway Master Plan (HMP)-2040’-এর আওতায় বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)। তিনি বলেন, “সরকারের দীর্ঘমেয়াদী এই মাস্টার প্ল্যান পিরোজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। স্মার্ট বাংলাদেশ গঠনে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে উন্নত মহাসড়ক নেটওয়ার্কের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে যেসব প্রকল্প জনদুর্ভোগ কমাতে সহায়ক হবে, সেগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে পিরোজপুরকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী অতীতের সমালোচনা করে বলেন, “গত ২০ বছরে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে অনেক অর্থ অপচয় হয়েছে। ফলে এখন আমাদের বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যেসব সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি, সেগুলো চিহ্নিত করে কাজ এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে ৬০-৭০ শতাংশ সম্পন্ন হওয়া কিছু সড়ক ও সেতু প্রকল্প দ্রুত শেষ করারও আশ্বাস দেন তিনি।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অংশীজনরা।
সভায় পিরোজপুর জেলার মহাসড়কগুলোর উন্নয়ন, সম্প্রসারণ এবং ২০৪০ সালের মধ্যে একটি টেকসই ও আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সওজ পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু।