মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বার বলেছেন, “আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের। বিরোধী দলে থাকার কারণে সরকারি সুযোগ-সুবিধা আপনাদের হাতে নেই। জনগণকে হয়তো সেভাবে সহযোগিতা করতে পারবেন না। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন।”
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুর জব্বার বলেন, “যেখানেই জনগণের ওপর কোনো পক্ষ অন্যায়-অবিচার চালাতে চাইবে, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী সেই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, “বিভিন্ন এমপি, চেয়ারম্যান, মেয়র ও প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে, সেই বরাদ্দের একটি অংশ অতীতের মতো এখনো কেউ কেউ আত্মসাৎ করার কাজে লিপ্ত আছেন। যেখানে অন্যায় দেখব, সেখানেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পাশাপাশি জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায়, সে ব্যাপারে আমরা সহযোগিতা করব।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “আমরা সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ ও জনগণের উপকার করতে চাই। আমরা আল্লাহর রাসুল (সা.)-এর আদর্শকে লালন ও ধারণ করি। একটি ইসলামী ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কী ধরনের সামাজিক পরিবর্তন আসবে এবং জনগণ কেমন সমাজ পাবে, সেসব বিষয় জনগণের দোরগোড়ায় গিয়ে তুলে ধরতে হবে।”
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, অধ্যক্ষ মাওলানা আবু বকর, মাওলানা ওমর ফারুক মুজাহিদীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা।