নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর (মহিলা বিভাগ)-এর শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষিকাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাজধানীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের দায়িত্বশীলা ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা, পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের দায়িত্বশীলা উম্মে নওরীন। তিনি বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সততা, সচেতনতা ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বলেন, ইসলামী শিক্ষাব্যবস্থায় ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় রয়েছে। এটি তাওহিদভিত্তিক ও জবাবদিহিমূলক একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে জ্ঞান ও আমলের সমন্বয় ঘটেছে। পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের মাঝে এসব মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল পিয়া তাঁর শুভেচ্ছা বক্তব্যে দাঈসুলভ দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষিকাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রেহানা সুলতানা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যা ফাতেমা খাতুন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।