• ঢাকা |

‎তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ


নিউজ প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
‎
‎২৯ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রিপাবলিক অব তুরস্কের ১০৩তম জাতীয় দিবস (প্রজাতন্ত্র দিবস) উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেন রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
‎
‎আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি উপস্থিত হয়ে রিপাবলিক অব তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মি. রজব তাইয়েব এরদোয়ানের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবাণী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেনের কাছে হস্তান্তর করেন। শুভেচ্ছাবাণীতে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
‎
‎জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।