তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় “মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়” শীর্ষক এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে পাটকেলঘাটা বাজারের ধান্যচত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা এবং সঞ্চালনা করেন পাটকেলঘাটা থানা পুলিশি বিট কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।
তিনি বলেন,"মাদক ও অনলাইন জুয়া আজ আমাদের সমাজ ও বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। প্রতিটি মহল্লা, গ্রাম ও বাজার পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,"মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সামাজিক ব্যাধিকে নির্মূল করা সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।"
সভায় আরও বক্তব্য রাখেন:ব্যবসায়ী আব্দুল লতিফ,আব্দুস সোবহান,বিএনপি নেতা আলী হোসেন ও হাফিজুর রহমান,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি,বাদিক আব্দুল মমিন, সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াছিন আলী সরদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আব্দুল হালিম, এসময় বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।