• ঢাকা |

শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরী যোগাযোগ ও উদ্ধার মহড়া 


নিউজ প্রকাশের তারিখ : ২৩ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ: ময়মনসিংহ অঞ্চলে সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় বিকল্প ও টেকসই জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক উদ্ধার কৌশল নিয়ে একটি ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
​এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের ‘দি লাইফ সেভিং ফোর্স’-এর বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, দেশব্যাপী ৮টি বিভাগে যুগপৎভাবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
​জনসচেতনতা এবং শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: ভূমিকম্পের মতো দুর্যোগে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয় এই আয়োজনে। মহড়ায় বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়া স্থানীয় একদল উদ্যমী স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) সক্রিয়ভাবে মহড়ায় অংশ নেন। তরুণ শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের এই ব্যাপক উপস্থিতি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগের সময় সম্মিলিতভাবে কাজ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
​ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কৌশল ও লাইন সার্চ পদ্ধতি:
ভৌগোলিক অবস্থান ও অপরিকল্পিত নগরায়নের কারণে ময়মনসিংহ শহর ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ বিষয়টি মাথায় রেখে মহড়ায় ভূমিকম্প-পরবর্তী বাস্তবভিত্তিক উদ্ধার কার্যক্রমের প্রদর্শন করা হয়।
​প্রাথমিক মূল্যায়ন ও নিরাপত্তা: ভূমিকম্পের পর কোনো ভবন বিধ্বস্ত হলে প্রথমে এর চারিপাশের পরিবেশ ও ঝুঁকি মূল্যায়ন করে অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার কাজ শুরু করার কৌশল দেখানো হয়।
​লাইন সার্চ পদ্ধতি (Line Search Method): ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বা নিখোঁজ ভিকটিমদের নিখুঁত ও দ্রুততম সময়ে সনাক্ত করতে প্রশিক্ষিত দলগুলো সুশৃঙ্খল ‘লাইন সার্চ পদ্ধতি’ প্রয়োগ করে।
​প্রতিবন্ধকতা অপসারণ ও উদ্ধার:  লাইন সার্চের মাধ্যমে ভিকটিমের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার পর ভারী কংক্রিট, লোহা বা অন্যান্য প্রতিবন্ধকতা নিরাপদে অপসারণ করে আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার বাস্তব কৌশল তুলে ধরা হয়।
​যোগাযোগ ব্যবস্থা ও উদ্ধার কার্যক্রমের সমন্বয়
মহড়ায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেটসহ প্রচলিত যোগাযোগ ব্যবস্থা অকার্যকর বা সীমিত হয়ে পড়লে জরুরি তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ কীভাবে সচল রাখা যায়, তার অনুশীলন দেখানো হয়।
সংশ্লিষ্টরা জানান, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসে। তাই দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে শুধু উদ্ধার কার্যক্রম নয়, বরং আগাম প্রস্তুতি, লাইন সার্চ পদ্ধতির সঠিক প্রয়োগ এবং নির্ভরযোগ্য বিকল্প যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ জানে আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ডার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম এবং মহড়া বাস্তবায়নে নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পিএফএম। এছাড়া ফোরম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ কবিরুল আলম ও মোহাম্মদ আব্দুল মালেক, স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন ও মোহাম্মদ হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ মিজানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
​আয়োজকদের মতে, এ ধরনের মহড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় ও জনসচেতনতা আরো জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।