• ঢাকা |

ঢাকা-৪ আসনে ৩৩৪ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ, দলীয় পরিচয় নয়—মানবিকতাই প্রাধান্য


নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: ঢাকা-৪ সংসদীয় এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে ৩৩৪ পরিবারের মাঝে মোট ১০ লাখ ২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে এই সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রত্যেক সংসদ সদস্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দ অনুযায়ী প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এতে ৩৩৩ পরিবারকে ৯ লাখ ৯৯ হাজার টাকা বিতরণের পর ১ হাজার টাকা অবশিষ্ট থাকে। পরে তিনি নিজস্ব তহবিল থেকে আরও ২ হাজার টাকা যোগ করে মোট ৩৩৪ পরিবারের মাঝে ১০ লাখ ২ হাজার টাকা বিতরণ সম্পন্ন করেন।

তিনি বলেন, ঢাকা-৪ এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা তুলনামূলক বেশি হলেও বরাদ্দের সীমাবদ্ধতার কারণে সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে যারা সহায়তা পেয়েছেন, তারা তুলনামূলকভাবে বেশি দরিদ্র। সুবিধাভোগীদের বাছাইয়ের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী কোনো কিছুই বিবেচনা করা হয়নি।

রাষ্ট্রীয় ও সামাজিক মানবিক সহায়তায় দলীয় পরিচয়কে গুরুত্ব না দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার প্রতিটি নাগরিকই তার কাছে সমান। সকলের সমান অধিকার নিশ্চিত করাই তার দায়িত্ব। তিনি আরও ঘোষণা দেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কখনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করবেন না।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঈদকে সামনে রেখে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় দরিদ্র মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানান আয়োজকরা।