জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় জায়গা সংকট নতুন নয়। এই ভিড়ের মধ্যেই পর্দা মেনে চলা ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে ক্যাফের এক কোণে গ্লাস ঘেরা আলাদা একটি টেবিল নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাতে তারা স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারেন।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই নির্ধারিত স্থানে নারীদের চেয়ে প্রেমিক যুগলদের উপস্থিতিই বেশি। নিয়ম অনুযায়ী ছেলেদের প্রবেশ নিষিদ্ধ হলেও, সেখানে অবাধে প্রবেশ করে যুগলরা অন্তরঙ্গভাবে সময় কাটাচ্ছেন, যা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে। বাইরে কোথাও উল্লেখ নেই যে এটি শুধুমাত্র নারীদের আসন, ফলে নিয়ম ভঙ্গ হচ্ছে বারবার।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাব ও নজরদারির অভাবের কারণেই এমন পরিস্থিতি চলছে। তারা মনে করেন, নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসনে পুরুষদের প্রবেশ রোধে প্রশাসনের উচিত স্পষ্ট সাইনবোর্ড স্থাপন ও কঠোর ব্যবস্থা গ্রহণ।
নারীদের জন্য নিরাপদ ও শালীন পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা কার্যকর ভূমিকা পালন করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এবিষয়ে ছাত্র কল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক ড. এ.কে.এ.এস.রিফাত হাসান বলেন, " আমাদের এমনিতেই জায়গায় সংকট, ছাত্রীদের ব্যবহারের জন্য বানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। "