মো. ফরহাদ প্রধান, দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখালে মুরাদনগর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মুরাদনগর থানার একটি গ্রাম থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়। গরুর মালিক গরু চুরির বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করেন। মুরাদনগর থানা পুলিশ গরু চুরির বার্তাটি তাৎক্ষণিক জেলার সকল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে পিকআপযোগে ঢাকার দিকে নিয়ে যাওয়ার পথে দুটি গরু উদ্ধার করেন।এ সময় আবুল কালাম (৪৫), কবির হোসেন (৫২), মো. কবির (২৬), আবদুল মজিদ (৫০) নামের চার চোরকে আটক করেন।
দাউদকান্দি মডেল থানারওসি জুনায়েত চৌধুরী বলেন, উদ্ধারকৃত গরু,জব্দ করা পিকআপ এবং আটককৃত চার চোরকে মুরাদনগর থানায় প্রেরণ করা হয়েছে।মামলা শেষে মুরাদনগর থানা থেকে গ্রেপ্তার দেখিয়ে আটককৃত চোরদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।