মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়ায় উশৃঙ্খল যুবকদের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশ অফিসের হিসাব শাখায় কর্মরত কনস্টেবল রাজু আহমেদ (৩১)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে শহরের কলোনী বাজার এলাকার সাদিয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব শেষ করে মোটরসাইকেলযোগে পুলিশ লাইন্সে ফেরার পথে রাজু আহমেদের গতিরোধ করে একদল সন্ত্রাসী। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে রাজু আহমেদ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় তিনি নিজের পরিচয় দিলে আরও বেপরোয়া হয়ে ওঠে হামলাকারীরা। মারধরের একপর্যায়ে তাকে মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা চালায় এবং ধারালো বক্সিং রিং দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
তার চিৎকারে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। তারা হলো—লতিফপুর কলোনী এলাকার মৃত লতিফের ছেলে গালিব হোসেন (২০) এবং ঠনঠনিয়া এলাকার কার্ত্তিকের ছেলে অর্জন কুমার (২০)।
বগুড়া সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।