রায়হান আহমেদ, ব্যুরো চীফ ময়মনসিংহ: মানুষকে সচেতন করার পাশাপাশি আত্মউন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম বাড়ানোর জন্য এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মানুষের নিজেদের উন্নয়নের সুযোগও তৈরি করে দিতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্পের অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, এনজিওগুলো যদি সচেতনতা তৈরির পাশাপাশি মানুষের আত্মউন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে এর সুফল দীর্ঘমেয়াদে সমাজে পাওয়া যাবে।
সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুবি খান, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহম্মদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় এসডিপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ময়মনসিংহ সদর উপজেলার পাঁচটি এলাকায় প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এলাকাগুলো হলো—বিহারি ক্যাম্প, দুল দুল ক্যাম্প, হরিজন পল্লী, বাঁশবাড়ি কলোনি ও কালীবাড়ি কলোনি।
প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা ও সুযোগের সঙ্গে তাঁদের সম্পৃক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী কর্মসূচি পরিচালক খালেদ এহতেশাম সভায় স্বাগত বক্তব্য দেন। তিনি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
এসডিপি প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তা শাইরা নওশিন প্রান্তি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে উপস্থাপনা করেন। তিনি প্রকল্পের আওতাভুক্ত জনগোষ্ঠীর কাছে কার্যক্রম পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
এসডিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইমন সরকার প্রকল্পটির সার্বিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপন করেন। তিনি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও অংশীজনেরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‘সাসটেইনেবল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এসডিপি)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। প্রকল্পটির দাতা সংস্থা সুইডেন মিশন কাউন্সিল ও কোয়েকার সার্ভিস সুইডেন।