• ঢাকা |

লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি


নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার তালুক হারাটি (ডাকঘর: সাপ্টিবাড়ী) এলাকার মৃত সোবাহান পঁচার ছেলে রফিকুল ইসলাম রফিক একটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে তা প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী নবীয়ার রহমান নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রফিক হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিকভাবে তিনি একসময় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে সর্বশেষ জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন।

এদিকে, আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী নবীয়ার রহমান বলেন, “আসামিকে ধরিয়ে দিতে বা তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কৃত করা হবে।” তিনি দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “পুলিশের পক্ষ থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”