আবু সাঈদ চৌধুরী, গাজীপুর : বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের ছত্রছায়ায় লুটপাট চালিয়েছেন।
আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে সে লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। এখন গাজীপুরে আ’লীগের দোসরেরা আত্মগোপনে থেকে ষড়যন্ত্র করছে। তবে এনসিপি শ্রমিক-জনতাকে সঙ্গে নিয়ে তাদের চিরতরে উৎখাত করবে।”
মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের রাজবাড়ী রোডে অবস্থিত সরকারি মহিলা কলেজের সামনে এক পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ‘বিচার, সংস্কার, গণ-পরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে এনসিপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, “গাজীপুর বাংলাদেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। তাদের বৈষম্যবিরোধী কর্মী হিসেবে মর্যাদা দিতে এনসিপি বদ্ধপরিকর। মেয়র জাহাঙ্গীরের দখলবাজিতে ক্ষতিগ্রস্ত মানুষদের অধিকার ফিরিয়ে দেবে এনসিপি।”
তিনি বলেন, “১৯৯০ সালের গণ-আন্দোলনের পর ছাত্রদের সঙ্গে যে প্রতারণা হয়েছিল, জুলাই সনদের মাধ্যমে আমরা সেই ইতিহাস পুনরুদ্ধার করব। এই সনদ ছাত্র-জনতার ন্যায্য দাবি আদায়ের প্রতীক হয়ে থাকবে।”
পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর রাজবাড়ী এলাকায় আগে থেকেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।