• ঢাকা |

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন প্রক্রিয়ায় একতরফা অভিযোগ সবুজ প্যানেলের


নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্যানেলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, “নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে।” তিনি অভিযোগ করেন, বিধান অনুযায়ী দুই প্যানেলের সমান সংখ্যক প্রতিনিধির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও বিএনপি সমর্থিত নীল প্যানেল নিজেদের প্রভাব খাটিয়ে ৭ জনকে নিয়ে কমিশন গঠন করেছে। সবুজ প্যানেল থেকে মাত্র ২ জন কমিশনার রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কমিশন গঠনে সবুজ প্যানেলকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এ অবস্থায় তিনি নির্বাচন কারচুপি রোধে ইলেকট্রনিক ভোট গণনা পদ্ধতি চালুর দাবি জানান।

সংবাদ সম্মেলনে এডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে দুটি প্রধান প্যানেলের মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের প্রেক্ষাপটে নির্বাচন প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “যেভাবে নির্বাচন কমিশন গঠনে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা নিয়ম মেনে সর্বোচ্চ চেষ্টা করবো, তবে দাবি উপেক্ষিত হলে আন্দোলনে যেতে বাধ্য হবো।”

প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, প্রায় ২০ হাজার সদস্যের এই সমিতির ভোটাধিকার প্রয়োগ নিয়ে আইনজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার অভিযোগ, “নির্বাচন কমিশনার হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন, ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।”

তিনি আরও বলেন, বিধি অনুযায়ী উভয় প্যানেলের সমান সংখ্যক প্রতিনিধির মাধ্যমে কমিশন গঠন না হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের বিভিন্ন পদপ্রার্থীসহ নেতৃবৃন্দ। তারা সমান অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানান।