প্রেস বিজ্ঞপ্তি: ন্যায় ও ইনসাফ ভিত্তিক নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ও মানবিক ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। "সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা” নিশ্চিত করার অঙ্গিকারে ১২ দফার ভিত্তিতে তিনি তার নির্বাচনী ইশতেহার স্থানীয় জনতার সামনে তুলে ধরেন। দফা গুলো হচ্ছে - ‘‘ সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ; সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’, ‘সুশাসন প্রতিষ্ঠা; স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠন’, ‘কর্মহীন, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীন ও চিকিৎসা বঞ্চিতদের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনা’, ‘জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সম্মান-মর্যাদা রক্ষা এবং পুনর্বাসন’, ‘চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং সম্পূর্ণ নির্মূল’, ‘জলাবদ্ধতা নিরসন, খাল খনন এবং আধুনিক পয়ঃনিষ্কাশন, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা’, ‘পরিকল্পিত নগরায়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ এবং ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ’, ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিরাপদ পানি, গ্যাস ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা’, ‘স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা ও পরিবার ভিত্তিক কর্মসংস্থান প্রকল্প’, ‘নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ শহর গড়ে তোলা’, ‘বন্ধ কলকারখানা পুনরায় চালু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন’, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করণ”।
ইশতেহার ঘোষণা পরবর্তীতে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে মোহাম্মদ কামাল হোসেন ইশতেহার বাস্তবায়নে নিজের ব্যাপক ভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।
যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালাম, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর ও ঢাকা-৫ আসন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মোখলেছুর রহমান, এবি পার্টির সমন্বয়ক লুৎফুর রহমান, এনসিপির ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিন্টুসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।