মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার শেষ দিনে আয়োজিত এ গণমিছিলে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে বলে দলটির দাবি। দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো শহরে মানুষের ঢল নামে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্ট গ্যালারি মোড় ঘুরে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে শেষ হয়।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, “আমি জনগণের শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়তে আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সহ-সেক্রেটারি কফিল উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।