আব্দুল গফুর মন্ডল: নওগাঁ সদর উপজেলার ৪নং তিলকপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল রানা। এতে গ্রামবাসীর মাঝে তৈরি হয়েছে স্বস্তি ও আস্থার পরিবেশ।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়। মামলা দায়েরের পরপরই শুনানি গ্রহণ করা হয় এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্যক্রম চলমান থাকে।
গ্রাম আদালত পাঁচ সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়। এতে আবেদনকারী ও বিবাদী পক্ষ থেকে দুজন করে প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে গঠিত হয় আদালত প্যানেল। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নারী সদস্য অন্তর্ভুক্তি বাধ্যতামূলক। আদালতে উভয় পক্ষের বক্তব্য, প্রমাণ উপস্থাপন ও পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের চেষ্টা করা হয়। ফলে স্বল্প সময়ে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে একাধিক মামলার নিষ্পত্তি শেষে প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান করা যাচ্ছে। এতে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকছে।”
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমরুল ইসলাম, হিসাব সহকারী মোছাঃ সারিকা জামান মিম, উদ্যোক্তা মোঃ আব্দুল হান্নান এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ শামিনুর রেজা মিঠু, মোঃ রিংকু, মোঃ আব্দুস সাত্তার, মোঃ এমদাদুল হক, মোঃ রেজাউল করিম, মোঃ জগলু হোসাইন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ হিরা ও শাহানাজ পারভীন বিউটি বেগমসহ অন্যান্যরা।
স্থানীয়দের মতে, নিয়মিত গ্রাম আদালত বসানোর ফলে জমি-জমা, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ সহজেই মীমাংসা হচ্ছে। এতে আদালতগামী জটিলতা কমছে এবং গ্রামীণ সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তৃণমূল পর্যায়ে বিচারপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।