বেরোবি প্রতিনিধিঃ মোঃ আল আমিন: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান (স্ট্যাটিস্টিকস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পদার্থবিজ্ঞান (ফিজিক্স) বিভাগের শিক্ষার্থীরাও মধ্যস্থতা করতে এসে এতে জড়িয়ে পড়েন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অপু অভিযোগ করে বলেন, “আমি আর আমার এক বন্ধু চকবাজারে বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমার কলার ধরে মারধর শুরু করে। পরে আরো কয়েকজন আসে, যাদের মধ্যে পরিসংখ্যান বিভাগের একজন ছিল—সে সেই ফুটবল খেলায় অংশ নিয়েছিল। আমরা পালানোর চেষ্টা করলে একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে আমার হাত কেটে যায়।”
সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, প্রক্টর ড. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে উভয় পক্ষের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত প্রান্ত ও ইউসুফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।