• ঢাকা |

অবৈধ যান ও মাদকপাচার ঠেকাতে শ্যামগঞ্জ মহাসড়কে কড়া নজরদারি, নেতৃত্বে ওসি আমিনুল ইসলাম


নিউজ প্রকাশের তারিখ : ৪ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ শ্যামগঞ্জ হাইওয়ে থানা এলাকায় অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মাদকপাচার ঠেকাতে জোরদার অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রিজিয়নের অধীন শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে রাজধানী ঢাকামুখী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অধিকাংশ ভারী যানবাহন এই সড়ক ব্যবহার করে। ফলে সড়কটির নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে দৃশ্যমান তৎপরতা বেড়েছে। একই সঙ্গে যানজট কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীমান্তবর্তী জেলা নেত্রকোনা থেকে বিভিন্ন সময় অবৈধ মাদক পরিবহনের চেষ্টা করা হয়। এসব চালান যাতে মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে না পারে, সে লক্ষ্যে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়মিত তল্লাশি ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “সড়ক পরিবহন আইন অনুযায়ী অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। পাশাপাশি অবৈধ মাদক উদ্ধার ও পাচার প্রতিরোধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, পরিবহন মালিক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কোনো বিকল্প নেই। হাইওয়ে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে সব সময় মাঠে রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়কে নিয়মিত নজরদারি, আইন প্রয়োগ এবং সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব।