• ঢাকা |

রায়পুরে ‘তারুণ্যের রমাদান ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৩ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নেয়ামত উল্লাহ, রায়পুর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুল স্কলার ফোরামের উদ্যোগে পবিত্র রমাদানকে সামনে রেখে ‘ তারুণ্যের রমাদান ভাবনা’ শীর্ষক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সেমিনারে শিক্ষার্থীরা রমাদানের গুরুত্ব, ফজিলত, আত্মসংযমের শিক্ষা, নৈতিক উন্নয়ন এবং রমাদানে করণীয় বিষয়গুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করে। এছাড়া রোজার মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, রমাদান শুধু সংযমের মাস নয়, বরং আত্মশুদ্ধি, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি মহৎ সুযোগ।

শিক্ষকরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা রমাদানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোহাম্মদ রিয়াজ হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআর গ্রুপের ডিরেক্টর (এডমিন) এবিএম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে রমাদানের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।