জাকির হোসেনঃ পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তালিকা তৈরির নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত উদ্দিন বেপারী ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তার ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান, চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।