• ঢাকা |

সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান


নিউজ প্রকাশের তারিখ : ৩ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শাহজাহান মিয়া (সুন্দরগঞ্জ) গাইবান্ধা: মাদকের বিস্তার ঠেকাতে শুধু অভিযান কিংবা গ্রেফতার যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার থেকে সমাজ পর্যন্ত সম্মিলিত প্রতিরোধ। তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, মাদক একজনকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজের ভবিষ্যৎকেও ঝুঁকির মুখে ফেলে। হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন এ সভার আয়োজন করে।

বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। পরিবারকে সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে সচেতন থাকতে হবে, আর শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে মাদকবিরোধী সচেতনতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুস সবুর, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা এবং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।

 ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, হাসানগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আবু হানিফ মিয়া, এম জে আই মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রম আরও জোরদার, নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি পালন এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মনে করেন, ধারাবাহিক সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ার পথ তৈরি হতে পারে।