• ঢাকা |

মাদক কারবারের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, ছাত্রশিবির কর্মীসহ আহত ৪


নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সেনবাগে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রশিবিরের
ডেস্ক রিপোর্ট: 
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামে মাদক কারবার ও গাঁজা সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘটিত হামলায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং ছাত্রশিবির কর্মীসহ অন্তত চারজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১১ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সূত্র, ভুক্তভোগী পরিবার ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেবীসিংহপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি এলাকায় অবৈধ মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগ ছিল। গত বুধবার সন্ধ্যায় নানাবাড়িতে বেড়াতে আসা এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেন ফাহিম, ছাত্রশিবির কর্মী সাকিব এবং কয়েকজন স্থানীয় তরুণ মসজিদের পাশে মাদক সেবনের ঘটনায় আপত্তি জানালে বিরোধের সূত্রপাত ঘটে।

অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জেরে রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হামলায় ফাহিম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় ছাত্রশিবিরের সাথীপ্রার্থী সাকিব গুরুতর আহত হন। এছাড়া রিফাতসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত সাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক, চাঁদাবাজি ও সহিংসতার বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে নিহত আরাফাত হোসেন ফাহিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সংগঠনটির নেতারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।