• ঢাকা |

নাজিরপুরে ট্রলার ডুবিতে মা-মেয়ের মর্মান্তিক দুর্ঘটনা: পিরোজপুর জেলা জামায়াতের গভীর শোক


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

‎জাকির ফরাজীঃ পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি বন্দর খেয়াঘাটে ট্রলার ডুবির মর্মান্তিক ঘটনায় মা ও মেয়ের হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।

‎এক যৌথ শোকবার্তায় পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী মোহাম্মদ জহিরুল হক এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই শোক ও সমবেদনা জানান।

‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ অক্টোবর ২০২৬, সোমবার রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় নেছারাবাদ উপজেলার বরছাকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৩৫) ও তাঁর ৮ বছরের শিশু কন্যা অর্পিতা বেপারীকে নিয়ে খেয়া পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় শিশু অর্পিতা বেপারীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও তাঁর মা রিনা বেপারী এখনো নিখোঁজ রয়েছেন।

‎এ আকস্মিক দুর্ঘটনায় সনাতন ধর্মাবলম্বী পরিবারটির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তাতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন জামায়াত নেতৃবৃন্দ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাঁদের এই বিয়োগব্যথা সহ্য করার শক্তি প্রার্থনা করেন।

‎একই সাথে, নিখোঁজ মা রিনা বেপারীকে দ্রুত উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।