মো: রুহুল আমিন বগুড়া জেলা সংবাদদাতা: তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। এমন পরিস্থিতিতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে বগুড়ার মোকামতলার দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী 'রসের হাট' নামক ব্যতিক্রমী তরমুজ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
মোকামতলা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মানিকের পৃষ্ঠপোষকতায় স্থানীয় যুবকদের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় ব্যতিক্রমী এ 'রসের হাটের' উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদ সবুজ। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, সাখাওয়াত হোসেন, আহসান হাবীব বাবুল, আকরামুল আহসান শাহী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, পথচারী, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লাল, হলুদ রঙ্গের ঠান্ডা তরমুজ পরিবেশন করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এক টুকরো রসালো তরমুজ পেয়ে স্বস্তি প্রকাশ করেন পথচারীরা।
আয়োজকরা জানান, তীব্র গরমে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তরমুজে প্রচুর পানি থাকায় গরমের সময়ে এটি শরীরকে সতেজ রাখতে সহায়ক। মানুষের মুখে হাসি ফোটানো এবং সাময়িক স্বস্তি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ নয়ন মন্ডল বলেন, প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ পেয়ে তারা আনন্দিত। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
পৃষ্ঠপোষক মাহাবুব আলম মানিক বলেন, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জন্য এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ আরও বেশি প্রয়োজন। মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়।