মোঃ আব্দুল গফুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার ৭ নম্বর ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়নের রফিক বাজার এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে মির্জা আব্দুল বারী বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি—বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুবিধা—স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ইউনিয়নের ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে একটি নিরাপদ, আধুনিক ও মডেল ভবানীপুর ইউনিয়ন গড়ে তোলা হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, মো. মজনু মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. আনোয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক রেজা এবং বিএনপির কর্মী মন্টু শেখ, মাসুদ রানা, ছলেমান, আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা আব্দুল বারীর পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।