• ঢাকা |

মুরাদনগরে জমি দখলের অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা


নিউজ প্রকাশের তারিখ : ১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মাওলা এ পক্ষে তার ছেলে মোঃ শাহাদত উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত মোঃ দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন ও মোবারক মিয়াসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি গোলাম মাওলার বসতবাড়ির সীমানার ভেতরে জোরপূর্বক ভবন নির্মাণের জন্য গর্ত খনন শুরু করেন।

ভুক্তভোগী গোলাম মাওলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও পুকুরসহ জমি নিয়ে দেলোয়ার হোসেনের সাথে তাদের বিরোধ চলছিল। ঘটনার দিন তিনি বাধা দিয়ে সীমানা নির্ধারণ করে কাজ করার অনুরোধ জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে রাত পর্যন্ত কাজ চালিয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে অভিযুক্তরা জোরপূর্বক ভবনের ভিত্তি ঢালাই দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে মারধরসহ বড় ধরনের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমির বিভিন্ন দাগে মোট উল্লেখযোগ্য পরিমাণ জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করার পরও কোনো সমাধান না পেয়ে তিনি মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।