রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন, জেলা দুর্যোগ ত্রান ও পুনর্বাসন ককর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি, সমন্বিত উদ্যোগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন ধরনের দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাতের পাশাপাশি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
দিবসটির অন্যতম আকর্ষণ ছিল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া। মহড়ার মাধ্যমে আকস্মিক দুর্যোগের সময় কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, কীভাবে নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার চিত্র তুলে ধরা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস বিভাগ সর্বদা প্রস্তুত আছে। তিনি দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসুচির কথা জানান। তিনি আরো জানান- দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং উদ্ধারকারী সংস্থার নির্দেশনা অনুসরণ করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এছাড়াও ভলান্টিয়ার টিম নিয়ে ফায়ার সার্ভিস বিভাগ থেকে বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করে দেখান।